
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের পরিচালক ব্রেট র্যাটনারকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ওই সময় তাঁর পাশে কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইন এবং আরও একজন নারী উপস্থিত ছিলেন। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত কয়েকটি ছবিতে এই দৃশ্য উঠে এসেছে।
‘রাশ আওয়ার’ ও ‘এক্স-ম্যান: দ্য লাস্ট স্ট্যান্ড’ ছবির পরিচালক র্যাটনারকে একটি সোফায় এপস্টেইনের পাশে বসে থাকতে দেখা যায়। ছবিতে থাকা দুই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে। এসব ছবি ঠিক কবে তোলা হয়েছে, তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ডিসেম্বরে প্রকাশিত এপস্টেইন, র্যাটনার ও প্রয়াত ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেলের ছবিগুলোর সঙ্গে একই স্থানে এগুলো তোলা হয়েছিল।
নথিপত্রে র্যাটনারের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
২০১৯ সালে নারী পাচারের অভিযোগে বিচারাধীন অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেন জেফরি এপস্টেইন। তাঁকে ঘিরে সংগৃহীত কয়েক লাখ নথির অংশ হিসেবে এসব ছবি প্রকাশ করা হয়েছে। ছোট আকারের ছবিগুলোতে দেখা যায়, এপস্টেইন, র্যাটনার ও ব্রুনেল বিভিন্ন নারীর সঙ্গে স্বচ্ছন্দ ও হাসিখুশি পরিবেশে সময় কাটাচ্ছেন। ভুক্তভোগীদের নিরাপত্তার কারণে নারীদের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে একজন আইনজীবীর দাবি, নথি প্রকাশের সময় অসাবধানতাবশত কিছু নারীর পরিচয় ফাঁস হয়ে গেছে।
এই নথি প্রকাশের সময়ের সঙ্গে মিলে গেছে মেলানিয়া ট্রাম্পের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মেলানিয়া: টুয়েন্টি ডেস টু হিস্টোরি’-এর মুক্তি। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে খুব একটা ইতিবাচক সাড়া পায়নি এবং এর অর্থায়ন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০১৭ সালে ‘মি টু’ আন্দোলনের সময় যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এটিই র্যাটনারের প্রথম বড় কাজ। তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সর্বশেষ প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে ইলন মাস্ক, বিল গেটস, লর্ড পিটার ম্যান্ডেলসন ও ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুর সম্পর্কের নতুন তথ্যও উঠে এসেছে। একটি ছবিতে অ্যান্ড্রুকে এক নারীর ওপর হামাগুড়ি দিতে দেখা যায়। এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আগেই তাঁর রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছিল।
এছাড়া এপস্টেইনের অর্থায়নে মডেলিং এজেন্সি পরিচালনার অভিযোগ থাকা জঁ-লুক ব্রুনেলের বিরুদ্ধেও অপ্রাপ্তবয়স্ক পাচারের অভিযোগ ছিল। তিনি প্যারিসের কারাগারে আত্মহত্যা করেন।
সূত্র: বিবিসি








