গোলে দ্রুততম ‘সেঞ্চুরি’ করলেন হ্যারি কেইন

ক্রিসমাসের আগে যেন নিজেই নিজেকে পুরস্কৃত করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার বুন্দেসলিগায় শততম গোলে অবদান রেখে গড়লেন অনন্য রেকর্ড।

রোববার হেইডেনহেইমের বিপক্ষে ৪–০ গোলের বড় জয় পায় বায়ার্ন মিউনিখ। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে বায়ার্ন।

এই ম্যাচে প্রথমবার বায়ার্নের অধিনায়কত্ব পান হ্যারি কেইন। যদিও গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। এর আগে প্রথমার্ধে জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিসে গোল করেন। ৮৬ মিনিটে লুইস দিয়াজ করেন বায়ার্নের তৃতীয় গোল।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি কেইনের ২৫ ম্যাচে ৩০তম গোল। বুন্দেসলিগায় তার গোলসংখ্যা দাঁড়াল ১৯-এ। বায়ার্নের হয়ে লিগে ৮১তম গোল করার পাশাপাশি তার অ্যাসিস্ট সংখ্যা ১৯টি। ফলে জার্মান লিগে মোট ১০০ গোলে সরাসরি অবদান রাখলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সবচেয়ে কম ম্যাচ খেলে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদানের রেকর্ডও গড়েছেন কেইন। ইংল্যান্ড অধিনায়ক এই কীর্তি গড়েছেন মাত্র ৭৮ ম্যাচে। আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনকে পেছনে ফেলেছেন তিনি অনেক ব্যবধানে। নেদারল্যান্ডস কিংবদন্তি রোবেন ১১৯ ম্যাচে ১০০ গোলে অবদান রেখেছিলেন, যা কেইনের চেয়ে ৪১ ম্যাচ বেশি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কেইন। তিনি লেখেন, ‘সবার উপরে থেকে বছর শেষ করা দারুণ অনুভূতি। নতুন বছর শুরুর আগে অসাধারণ পারফরম্যান্স। এখন শীতের ছুটিতে নিজেকে সতেজ করার সময়, এরপর আবার মাঠে ফেরার অপেক্ষা।’

এমইউএম/