রাজশাহীতে তারেক রহমান, শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে উঠবেন মঞ্চে

রাজশাহী পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পৌঁছান বিএনপি চেয়ারম্যান। প্রায় ২১ বছর রাজশাহীতে এলেন তারেক রহমান।

বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুর দেড়টায় তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (র:) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।

চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম রাজশাহী সফর। এর আগে সর্বশেষ তিনি রাজশাহীতে এসেছিলেন ২০০৪ সালে। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন পর দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগমনে প্রস্তুত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। নেতাকর্মীরা তাকে স্বাগত জানতে সকাল থেকে মাঠে আসতে শুরু করেন। দুপুর ১২ টার দিকেই মাঠ ভরে যায়। তবুও জনস্রোত আসতেই থাকে।

দলের নেতারা বলছেন, তারেক রহমানের এই নির্বাচনী জনসভা স্মরণকালের সবচেয়ে বড় জনসমুদ্রে রূপ নেবে। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তারেক রহমান জানাবেন রাজশাহীকে নিয়ে তার পরিকল্পনা। আগামী নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলো নিজেদের ঘরে তুলতে দেবেন নানা প্রতিশ্রুতি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দলীয় প্রার্থীদের সঙ্গে নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইবেন। রাজশাহীতে আইটি ভিলেজ স্থাপন করে নতুন প্রজন্মের তরুণদের কর্মসংস্থান, ইপিজেড স্থাপন, রাজশাহীর মৃত রেশম শিল্পনগরীর ঐতিহ্য ফিরিয়ে আনাসহ সারাদেশকে গড়ে তোলার পরিকল্পনা জানাবেন তিনি। এরপর নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দিতে বিকেলে রাজশাহী ছাড়বেন তিনি।

-মেহেরীন//