ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

দুইবার ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। আগামী আসরের মেয়েদের বিশ্বকাপের স্বাগতিকও তারা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ।

২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। নিজেদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ফিফাকে জানিয়েছে ব্রাজিল। রিও দে জেনেইরোতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।

আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি পরিদর্শনে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন ফিফা সভাপতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলের আটটি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। এই সফরের ফাঁকেই ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির শৌদ এর আগেই জানিয়েছিলেন, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। এবার সেই আগ্রহের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলো।

নতুন আঙ্গিকে ও বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। সে সময় কোনো বিডিং প্রক্রিয়া ছিল না; ফিফাই স্বাগতিক দেশ নির্বাচন করেছিল। ২০২৯ ক্লাব বিশ্বকাপের স্বাগতিক নির্ধারণের পদ্ধতি এখনও চূড়ান্ত করেনি ফিফা।

এদিকে ২০২৯ আসরের জন্য ব্রাজিলের একটি দল ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। গত বছরের কোপা লিবের্তাদোরেস জয়ের মাধ্যমে পরবর্তী ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো।

-এমইউএম