এক বছর পর নাটক নির্মাণে আবুল হায়াত

অভিনেতা আবুল হায়াত প্রায় এক বছরের বিরতির পর আবার পরিচালনায় ফিরেছেন। গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি রিসোর্টে ‘সখিনা’ নামে নাটকটির শুটিং শুরু হয়। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকের চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজে।

আবুল হায়াত আলোকিত স্বদেশকে মুঠোফোনে বলেন, ‘রাবেয়া (খাতুন) খালার শত শত গল্প আছে। এসব গল্পের মধ্যে কম খরচের মধ্যে কাজ করার মতো অনেক গল্প রয়েছে। “সখিনা” পড়ে মনে হয়েছে, এটি নিয়ে কাজ করা যায়। তাই শুটিং শুরু করেছি।’

গ্রামীণ পটভূমিতে তৈরি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী মৌ। মৌসুমী বলেন, ‘রাবেয়া খাতুনের গল্প ও আবুল হায়াতের পরিচালনায় কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’

আবুল হায়াত বলেন, ‘আগের মতো টানা কাজ করছি না। যে গল্প বা চরিত্র ভালো লাগে, সেগুলোই বেছে বেছে করি। বাকি সময়টা পরিবার ও বিশ্রামের জন্য রাখি। তবু অভিনয় না করলে অসহায় মনে হয়।’

‘সখিনা’ নাটকে অন্যান্য চরিত্রে আছেন শ্যামল মাওলা, নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান। নাটকটি আগামী পবিত্র ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হচ্ছে।

-মাহমুদ সালেহীন খান