মান্নার আজ ১৮তম মৃত্যুবার্ষিকী

ঢাকাই ছবির প্রখ্যাত নায়ক যুবরাজ আসলাম তালুকদার বা মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, যা কোটি ভক্তকে কাঁদিয়েছিল। মৃত্যুর দেড় যুগ পেরিয়েও মান্নার জনপ্রিয়তা অম্লান। আজও তার অভিনীত ছবির সামনে ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকতে দেখা যায়।

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা সম্প্রতি মান্নাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের রেশ তার কণ্ঠে মানিয়ে যেত এবং দর্শক সেটা পছন্দ করতেন। অন্য কারো মধ্যে এমনটা খুব কমই দেখা যায়। তার অভিনয় সব সময়ই ভিন্ন ছিল। যে কোনো চরিত্রে সহজেই মানিয়ে যেতেন এবং দর্শকদের কবজায় রাখতে পারতেন।

মান্নার চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৮৪ সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে মাধ্যমে। প্রথম অভিনীত ছবি ছিল তওবা এবং প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাসেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। এরপর একে একে প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেন। অ্যাকশন হিরো হিসেবে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি রোমান্টিক ধাঁচের ছবিতেও দক্ষতার প্রমাণ দেন। কাজী হায়াৎ পরিচালিত দাঙ্গা ও ত্রাস, মনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা,ডিসকো ড্যান্সার কাজী হায়াৎ এর দেশদ্রোহী এসবের মাধ্যমে তিনি দেশের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন।

প্রযোজক হিসেবেও মান্না সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে প্রযোজিত ছবি যেমন লুটতরাজ,লাল বাদশা,আব্বাজান,স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ মান্না ভাই পিতা মাতার আমানত সবই ব্যবসায়িকভাবে সফল হয়েছে।

মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলী মান্না। তিনি বলেন, “অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটি রাফ চিত্রনাট্য তৈরি হয়েছে। তবে আদালতের রায়ের অপেক্ষায় আছি। শেষটা জানা গেলে চিত্রনাট্য সম্পূর্ণ হবে এবং সিনেমা তৈরি করা সম্ভব হবে।

মৃত্যুর প্রায় দেড় যুগ পেরিয়েও মান্না বেঁচে আছেন সিনেমাপ্রেমীদের হৃদয়ে। প্রতি বছরের মতো এবারও তার পরিবার ও ভক্তরা দোয়া ও মিলাদের মাধ্যমে তাকে স্মরণ করবেন। শেলী মান্না বলেন, মৃত্যুবার্ষিকী বেদনাদায়ক এখানে উৎসবের কোনো বিষয় নেই। এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন হবে, পাশাপাশি সারাদেশে ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করবেন।

-বিথী রানী মণ্ডল