তারেক রহমানের মঞ্চে চাকসু এজিএস তৌফিক

মঙ্গলবার গাজীপুরে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান মঞ্চে নিজের পাশে বসিয়ে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঙ্গে রাজনীতি ও শৈশবের স্মৃতি নিয়ে দীর্ঘ আলাপ করেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এবার বিশেষভাবে নজর কেড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে আয়োজিত এক বিশাল জনসভায় তারেক রহমান নিজে তৌফিককে মঞ্চের সামনের সারিতে জায়গা করে দেন। দীর্ঘ সময় ধরে তাদের দুজনকে অত্যন্ত আন্তরিক পরিবেশে নানা বিষয়ে আলোচনা করতে দেখা যায়।

এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক’-এ আমন্ত্রণ না পাওয়া নিয়ে তৌফিককে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, গাজীপুরের এই দৃশ্যপট তা ঘুচিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভায় তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ ও বাংলোতে কাটানো তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। পাশাপাশি তৌফিকের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং ছাত্রদলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ বিষয়ে আইয়ুবুর রহমান তৌফিক জানান, আলোচনাটি ছিল মূলত খোশগল্পের মতো। তারেক রহমান তাঁর জন্মভূমি গাজীপুর নিয়ে যেমন আবেগপ্রবণ ছিলেন, তেমনি দেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন-পরবর্তী পরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা দিয়েছেন। চট্টগ্রামের ঘটনার পর তারেক রহমানের এই বিশেষ মনোযোগ তৌফিকের রাজনৈতিক গুরুত্ব ও হাই কমান্ডের সঙ্গে তাঁর সুসম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।

মালিহা