খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে; উত্তীর্ণদের আগামী ৮ ফেব্রুয়ারি সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে প্রকৌশল ও ইউআরপি বিভাগে ৯ হাজার ৭৮ জন এবং স্থাপত্য বিভাগে ৩০৪ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনে আরও ২৮ জন প্রার্থীকে তালিকায় রাখা হয়েছে।
ভর্তিচ্ছুদের আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিভাগের পছন্দক্রম (চয়েস ফরম) পূরণ করতে হবে। প্রকৌশল ও ইউআরপি বিভাগের প্রার্থীদের জন্য ১৫টি পছন্দক্রম দেওয়া বাধ্যতামূলক। এই ফরমের প্রিন্ট কপি ভর্তির সময় সঙ্গে আনতে হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের কুয়েট ক্যাম্পাসে নিরীক্ষা কমিটির সামনে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় প্রকৌশল ও ইউআরপি মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে মেধাক্রম ১ থেকে ৪০ পর্যন্ত প্রার্থীদের ডাকা হয়েছে। ভর্তির জন্য নির্ধারিত আনুমানিক ১২ হাজার টাকা ৯ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল সনদ, গ্রেডশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করাও বাধ্যতামূলক। ভর্তি প্রক্রিয়া শেষে অটো-মাইগ্রেশন সুবিধা চালু থাকবে, তবে শিক্ষার্থী চাইলে তা বন্ধ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।
মালিহা










