জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটিতে দর্শন বিভাগের মোস্তাফিজুর রহমান সভাপতি এবং ইংরেজি বিভাগের মাজহারুল ইসলাম সেক্রেটারি হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৭তম ব্যাচের (দর্শন বিভাগ) শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ৪৮তম ব্যাচের (ইংরেজি বিভাগ) শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়ে এক ‘সদস্য সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামের নাম ঘোষণা করেন।
শাখা সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা সঞ্চালনা করেন। নতুন এই কমিটির মাধ্যমে আগামী এক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
মালিহা










