সাকিব আল হাসান নামটা শুধু একজন ক্রিকেটারের নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগ, এক আস্থা, এক গর্বের প্রতীক। অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
দেশে হোক বা দেশের বাইরে আগামী সিরিজগুলো থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে মাঠে নামার সুযোগ থাকবে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।
তবে তার চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সব মিলিয়ে, আবারও জাতীয় দলের নীল-সবুজ জার্সিতে সাকিবকে দেখার স্বপ্ন নতুন করে জেগে উঠেছে কোটি ভক্তের মনে। এখন শুধু অপেক্ষা—মাঠে ফেরার সেই চেনা মুহূর্তের।
-সাইমুন










