বিএনপি একটি দায়িত্বশীল ও জনগণের দল: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি একটি দায়িত্বশীল ও জনগণের দল। জনগণের ভোটে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে পোল্ট্রি শিল্পকে রক্ষা ও সম্প্রসারণে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করা হবে। খামারি ও ডিলারদের স্বার্থ রক্ষায় পোল্ট্রি বীমা, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, ন্যায্য বাজার ব্যবস্থা এবং উৎপাদন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পোল্ট্রি ও ফিড খাত দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ দীর্ঘদিন ধরে এই খাত নানা সংকটে জর্জরিত। ফিড ও কাঁচামালের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং নীতিগত অব্যবস্থাপনার কারণে খামারি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ব্যবসা বান্ধব দল। বড়, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন মণ্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, ব্যবসায়ী জনাবুল ইসলাম ববি, হাজী নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় পোল্ট্রি ব্যবসায়ী ফিড ডিলারগণ আসন্ন নির্বাচনে এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানান এবং তাঁকে নির্বাচিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় পোল্ট্রি এন্ড ফিড ডিলার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

-সাইমুন