জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।
বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তারা স্বৈরাচারী ছিল। তারা চায় না বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে দেশের উত্তরণ ঘটুক। জাতীয় পার্টি যেভাবে ফ্যাসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসেবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এনসিপির সদস্যসচিব বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সম্প্রতি কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যারা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। আমরা শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছি।’
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে এক ধরনের শঙ্কা কাজ করছে। যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১০–দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। এ আসনে অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্ক্সবাদী প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।
-মামুন










