রুয়েট ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার, ১৯ হাজার পরীক্ষার্থীর লড়াই

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯২০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করবেন গড়ে প্রায় ১৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েট ও বুয়েট—এই দুই কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্যসহ নির্দিষ্ট কয়েকটি বিভাগের (খ গ্রুপ) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত শুধুমাত্র রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের ক্ষেত্রে যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি সাথে রাখতে হবে। পরীক্ষা চলাকালীন অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। জালিয়াতি রোধে কঠোর নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মালিহা