ঢাবি সাদা দলের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল এক বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কয়েকজন শিক্ষকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

সোমবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে, সংশ্লিষ্ট শিক্ষকগণের সাথে সাদা দলের সম্পর্ক কেন বিচ্ছিন্ন করা হবে না, তা জানাতে দলটি পূর্বে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। তবে শিক্ষকরা এই নোটিশের কোনো জবাব দেননি। এমনকি একটি বিশেষ কমিটি তাদের মৌখিকভাবে বক্তব্য উপস্থাপন করতে আহ্বান জানালেও কোনো সাড়া মেলেনি।

এরপর গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু পরের দিন, ৯ ফেব্রুয়ারি, ইউটিএল একটি সংবাদ সম্মেলন করে নির্বাচনের প্রসঙ্গে বক্তব্য প্রদান করে। এই সংবাদ সম্মেলনে কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরও কিছু শিক্ষক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তারা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন এবং এমন একটি সংগঠনের সাথে নিজেদের যুক্ত করেছেন যার সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই।

এতে সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাদা দলের এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নিম্নলিখিত শিক্ষকদের ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার থাকবে না। তারা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবী বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেননএবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ইউনুস।

সাদা দল পুনরায় জোর দিয়ে বলেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী একটি সংগঠন এবং উল্লেখিত শিক্ষকগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

-সাইমুন