বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ১১২ রানের লক্ষ্য পায় রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করে রংপুর। দলের সর্বোচ্চ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে, তিনি ২৬ বলে ৩৩ রান করেন।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় রংপুর। খালেদ আহমেদের শিকার হন তাওহিদ হৃদয় (৪) এবং ডেভিড মালানও সমান রানেই আউট হন। ওয়ানডাউনে নেমে অধিনায়ক লিটন দাসও রান তুলতে ব্যর্থ হন। চার উইকেট হারানোর পর খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ কিছুটা চেষ্টা করেন স্কোরকে সামলানোর।
তবে নাসুম আহমেদ সেই জুটিকে ভাঙেন। ৩০ রানে খুশদিল শাহকে ফিরিয়ে দেন তিনি, পরে ৩৩ রান করা মাহমুদউল্লাহকেও আউট করেন। শেষদিকে নুরুল হাসান সোহানের ১৮ রানের ইনিংস দলকে তিন অঙ্কের রান দেয়।
সিলেটের হয়ে বল হাতে খালেদ আহমেদ ১৪ রানে ৪ উইকেট নেন। নাসুম আহমেদ ও ক্রিস ওকস যথাক্রমে ২টি করে উইকেট নেন। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠবে, পরাজিত দলের বিপিএল অভিযান এখানেই শেষ হবে।
-এমইউএম










