পাকিস্তান স্কোয়াডে ছন্দপতন হারিস রউফের ভবিষ্যৎ অনিশ্চিত

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান তাদের খেলোয়াড় তালিকা আইসিসির কাছে জমা দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। দলগুলোর সামনে ৩১ জানুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকায় পাকিস্তান অভিজ্ঞ পেসার হারিস রউফকে ছিটকে দেওয়ার কথা ভাবছে বলে সংবাদে বলা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর সূত্রে জানা যায়, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন চূড়ান্ত স্কোয়াডে ডানহাতি পেসার হারিস রউফকে রাখার পক্ষে নন। রউফ সর্বশেষ জাতীয় দলে ২০২৫ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর এশিয়া কাপের পর তাকে সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো দলে ডাক দেওয়া হয়নি।

তবে আন্তর্জাতিক ম্যাচে সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে রউফ দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। মেলবোর্ন স্টারসের হয়ে চলমান আসরে ১০ ম্যাচে ৭.৯৬ ইকোনমিতে ১৮ উইকেট নিয়ে তিনি বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। সমান উইকেট আছে গুরিন্ধর সান্ধুর, কিন্তু রউফের সামনে সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। আগামী বুধবার নকআউট ম্যাচে মেলবোর্ন স্টারস হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে।

পাকিস্তান জাতীয় দলে রউফ টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের অন্যতম। ৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৮.৩৮ ইকোনমিতে ১৩৩ উইকেট নিয়েছেন। এছাড়া তিনি এই ফরম্যাটে ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেটশিকারিও। সম্প্রতি পাকিস্তান শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যা ১-১ সমতায় শেষ হয়েছে। ঘরের মাঠে জানুয়ারির শেষ দিকে তিন ম্যাচের সিরিজে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হবে, কিন্তু স্কোয়াডে রউফের নাম নেই।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, কোচ মাইক হেসন সালমান আলি আগাকে অধিনায়ক করে স্কোয়াড চূড়ান্ত করেছেন। নিশ্চিত খেলোয়াড়দের মধ্যে আছেন– শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, শাদাব খান, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, উসমান খান ও আবরার আহমেদ। বিবেচনায় আছেন– শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা ও খাজা নাফে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আবদুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে।

পাকিস্তান ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। দীর্ঘদিন কোনো আইসিসি ট্রফি জয়ের চেষ্টা সফল হয়নি। তাই এশিয়ার মাটিতে আয়োজিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তান দল ভালো করার প্রত্যাশা রাখছে। প্রথম ম্যাচে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে সালমান আগার দল।

-এমইউএম