জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২২ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে।

ভর্তির যোগ্যতা হিসেবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে। এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। তবে বর্তমানে অন্য কোনো মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন না; দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তিই বাতিল করা হবে।

আবেদনকারীদের স্নাতক ও মাস্টার্স পর্যায়ের প্রাপ্ত নম্বর বা সিজিপিএর ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে পর্যায়ক্রমে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘Prospectus’ ও ‘Important Notice’ অংশে পাওয়া যাবে।

/মালিহা