উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে প্রায় ৪০০ ঘর

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০০টি ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতঘর ও শেডে ছড়িয়ে পড়ে। ঘরগুলো বাঁশ ও ত্রিপলের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ বলেন, আগুনে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। এর আগের দিন, ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

-এমইউএম