শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করল সাবিনারা

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করল সাবিনারা।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দলের অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। চলমান টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল—প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচে একটি করে গোল করলেন তিনি। প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে দূরপাল্লার শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

সাবিনা ও কৃষ্ণা জাতীয় নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তারা বর্তমানে ফুটসালে ব্যস্ত সময় পার করছেন।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। একের পর এক আক্রমণে নেপালের গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে রাখেন বাংলাদেশের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত লিপি আক্তারের জোরালো শটে আসে তৃতীয় গোল। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়ে গোলটি করেন লিপি। অপরদিকে নেপালের কয়েকটি আক্রমণ বাংলাদেশের গোলরক্ষক ঝিলি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারায়। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। নেপালের বিপক্ষে জয় নিয়ে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৭।

উল্লেখ্য, সাফ নারী ও পুরুষ ফুটসালে মোট সাতটি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে এবং সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট। আগামীকাল তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাবিনারা।

-এমইউএম