জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের চুম্বনদৃশ্য নতুন করে ভাইরাল হয়ে উঠতেই ফের আলোচনার কেন্দ্রে জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ। একসময়ের জনপ্রিয় এই তারকা জুটির ঠোঁটে-ঠোঁট রাখা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতেই শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে—সবকিছু কি সত্যিই অতীত হয়ে গেছে, নাকি আজও কোথাও না কোথাও রয়ে গেছে সেই সম্পর্কের রেশ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবিটি আসলে প্রায় এক দশক পুরনো। ছবিতে দেখা যায়, জাস্টিন ও সেলেনা একে অপরকে চুম্বন করছেন। নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে আরেকটি ঘটনা। ছবিটির নিচে ১০ বছর আগে করা এক অনুরাগীর মন্তব্য—“এই জুটি অমর হোক”—সেই মন্তব্যেই ‘লাইক’ দিয়েছেন জাস্টিন বিবার। আর এতেই তুঙ্গে উঠেছে জল্পনা।
প্রথমে অনুরাগীরা খুঁটিয়ে দেখেন, যে অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে সেটি সত্যিই জাস্টিন বিবারের নিজস্ব কি না। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, লাইকটি ভুয়ো নয়। তারপর থেকেই অনুরাগীরা স্মৃতিতে ডুব দিতে শুরু করেন। সামাজিক মাধ্যমে ফিরে আসে ‘জেলেনা’ অধ্যায়।
হঠাৎ করেই ২০২৬ সালে এসে সেই ছবি আবার সামনে আসা এবং তাতে বিবারের প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উসকে দিয়েছে। তবে এই বিষয়ে জাস্টিন বিবার আর কিছুই বলেননি। একইভাবে নীরব রয়েছেন সেলেনা গোমেজও। ফলে দুই শিল্পীর বর্তমান অনুভূতি নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
২০১৬ সাল। জাস্টিন বিবারের বয়স তখন ২১। সেই সময় সেলেনা গোমেজের সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছিলেন ‘জেলেনা’। প্রেম, বিচ্ছেদ, আবার জোড়া লাগা—সব মিলিয়ে এই সম্পর্ক বহুবার শিরোনামে এসেছে। সেই সময় তোলা চুম্বনের ছবিটিও তখন প্রবল আলোচনার জন্ম দিয়েছিল।
উল্লেখ্য, সেলেনার সঙ্গে সম্পর্ক ভাঙার প্রায় দু’বছর পর ২০১৮ সালে হেইলি বল্ডউইনকে বিয়ে করেন জাস্টিন বিবার। তাঁদের দাম্পত্য জীবনও যে খুব মসৃণ ছিল, তা নয়। নানা সময়ে সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ ও বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সংবাদমাধ্যম সরগরম হয়েছে।
সম্প্রতি আবারও জাস্টিন ও হেইলির বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া ও বিনোদন দুনিয়া। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা দম্পতি। বরং বিভিন্ন সূত্রের দাবি, তাঁরা এখনও একই ছাদের নিচেই রয়েছেন।
তবুও, পুরনো ছবিতে জাস্টিনের একটি লাইক অনুরাগীদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে। এটি কি নিছক নস্টালজিয়া, নাকি সত্যিই অতীতের সম্পর্কের কোনো অনুভূতি আজও রয়ে গেছে? সেই উত্তর আপাতত জাস্টিন ও সেলেনার নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে।
-বিথী রানী মণ্ডল










