ঢাকার সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা মহানগরীর সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হবে আরও পাঁচটি স্থায়ী অধ্যাদেশ মঞ্চ।
সংগঠনটির মতে, এসব মঞ্চের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে সংলাপে যুক্ত হবেন এবং সাধারণ মানুষের কাছে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সাত কলেজ ক্যাম্পাসে অবস্থান করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চগুলো নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়ে গেজেট আকারে প্রকাশ হলে সেখান থেকেই বিজয় মিছিল বের করা হবে।
তবে অধ্যাদেশ অনুমোদনে কোনো ধরনের বিলম্ব বা ব্যত্যয় ঘটলে ওই গণজমায়েত থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সচিবালয়ের দিকে বৃহৎ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কর্মসূচির কারণে সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে আন্দোলনকারী সংগঠনটি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, সাত কলেজ নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রেখে ‘সংযুক্ত’ কাঠামোয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে।
মালিহা










