সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়েই দিলেন তাওহিদ হৃদয়

রংপুর রাইডার্সের ব্যাটার তাওহিদ হৃদয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়েছেন। ১৭৩.৪২ স্ট্রাইকরেটে ১০৯ রান করে তিনি দলের ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেন।

দলকে জয়ের জন্য মাত্র ৯ রান প্রয়োজন থাকলেও হৃদয় আউট হন। তার ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৫ চারে, যা শেষ পর্যন্ত রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য পূরণ করতে সাহায্য করে। অধিনায়ক লিটন দাস শেষ ওভারে ৬ রান করে ম্যাচ শেষ করেন।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে আক্ষেপ ঘুচিয়েছেন হৃদয়। গত ১১ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ম্যাজিক্যাল ফিগারের দেখা পাননি। ৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরিটা তুলে নিলেন বাংলাদেশি এ ব্যাটার।

এতে হৃদয়ের সেঞ্চুরির কাছে ম্লান হয় হাসান ইসাখিলের শতক। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়ায় নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানের ব্যাটারের সেঞ্চুরিতে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের অভিষেক ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন তিনি। তবে আজ দুইবার জীবন পেয়ে সুযোগটা হাতছাড়া করলেন না তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইসাখিল তুলেন নেন প্রথম সেঞ্চুরি। ৭২ বলে খেলেছেন ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ৪ বাউন্ডারির বিপরীতে মারেন ১১টা ছক্কা। প্রথম ম্যাচে ৯২ রানে আউট হয়েছিলেন আফগানদের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ নবীর ছেলে। তার সেঞ্চুরি ও অধিনায়ক হায়দার আলীর ৪২ রানের ইনিংসে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়ে শেষটা হার দিয়ে করল নোয়াখালী।

নোয়াখালীকে ৮ উইকেটে হারালেও শীর্ষ দুইয়ে ওঠা হয়নি রংপুরের। ১২ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে খেলতে হবে তাদের। তাদের প্রতিপক্ষ ১০ পয়েন্টে চারে থাকা সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে শীর্ষ দুইয়ে আছে রাজশাহী (১৬) ও চট্টগ্রাম রয়্যালস (১২)।

-এমইউএম