সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও স্বতন্ত্র এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এখন নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সব ধরণের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। বর্তমান প্রেক্ষাপটে শাকসু নির্বাচন আয়োজন করা আইনসংগত নয় বলে রিটে উল্লেখ করা হয়।
রিট আবেদনের মধ্যেই আজ সকালে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনের প্রচারণায় বিঘ্ন ঘটেছিল। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের বিশেষ অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে সময় বাড়িয়ে আজ ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা ছিল। সেই হিসেবে শনিবার রাত ১০টায় সময় শেষ হলেও প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আজ রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ দেওয়া হয়েছে।
শাকসুর বর্তমান সময়সূচি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে হলগুলোতে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তবে হাইকোর্টে দায়ের করা রিটের ওপর শুনানি শেষে আদালত কী আদেশ দেন, তার ওপরই নির্ভর করছে এই নির্বাচনের ভবিষ্যৎ।
দীর্ঘ সময় পর শাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিলেও শেষ মুহূর্তে আইনি ও প্রশাসনিক জটিলতায় নির্বাচনটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল।
–লামিয়া আক্তার










