ঘুম থেকে উঠে এক কাপ গরম পানি ও কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা নিয়ে আয়ুর্বেদ ও ঘরোয়া স্বাস্থ্যচর্চায় দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সকালে খালি পেটে এই অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর সঙ্গে কাঁচা হলুদ যোগ হলে উপকারিতা আরও বেড়ে যায়। হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। যাদের জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা বা শরীর ব্যথার সমস্যা রয়েছে, তাদের জন্য এটি উপকারী হতে পারে।
সকালে গরম জল পান করা শরীরকে জাগিয়ে তোলে। দীর্ঘ সময় ঘুমানোর পর শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, গরম জল তা দ্রুত পূরণ করে। এটি হজমতন্ত্রকে সক্রিয় করে এবং পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত সকালে গরম জল পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে এবং মলত্যাগ স্বাভাবিক হয়।
লিভার ও কিডনির সুস্থতার ক্ষেত্রেও এই অভ্যাস উপকারী বলে মনে করা হয়। গরম জল শরীরের টক্সিন বের হতে সহায়তা করে, আর হলুদ লিভারের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। সকালে এটি খেলে শরীর ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা পায়, ফলে সারাদিন শরীর হালকা লাগে।
এই পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। নিয়মিত গরম জল ও কাঁচা হলুদ খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। ফলে সর্দি, কাশি, জ্বরের মতো সাধারণ সংক্রমণ থেকে শরীর নিজেকে সহজে রক্ষা করতে পারে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় এই অভ্যাস শরীরের জন্য ভালো সাপোর্ট দেয়।
ত্বকের জন্যও গরম জল ও কাঁচা হলুদের উপকারিতা রয়েছে। শরীর ভেতর থেকে পরিষ্কার হলে তার প্রভাব পড়ে ত্বকে। নিয়মিত সকালে এই মিশ্রণ খেলে ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের প্রদাহ কমতে পারে। ত্বক আরও পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।
এছাড়া ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে। গরম জল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং হলুদ শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দিতে পারে। ফলে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি ভালো প্রাকৃতিক অভ্যাস।
তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়া ঠিক নয়। সামান্য পরিমাণ হলুদ এক কাপ গরম জলে মিশিয়েই খাওয়া উচিত। যদি পেটে আলসার, গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা বা কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অভ্যাস শুরু করাই সবচেয়ে নিরাপদ।
-বিথী রানী মণ্ডল










