ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে এবার আসছে এক অভিনব চলচ্চিত্র। কাল শুক্রবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার। আকাশ হক পরিচালিত সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু জাতীয় জাদুঘরে সন্ধ্যা ৭টায় ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

সিনেমার অন্যতম অভিনেতা ববি বিশ্বাস জানান, সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে এবার বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছে একগাদা নতুন মুখ বলেও তিনি জানান।

সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

১৪২ মিনিট দৈর্ঘ্যের ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে এটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

-মাহমুদ সালেহীন খান