নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া এলাকা ও জেলা পরিষদ ভবনের বিপরীত পাশের স্থান এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল টাইগার রি-রোলিং মিলস মাঠ এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৩টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—
১. মোঃ আকরাম (২৫), সাং: মাওড়াপট্টি, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
২. মোঃ অন্তর (২৩), সাং: পূর্ব লামাপাড়া, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
৩. মোঃ বিজয় (২০), সাং: শিমরাইল, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকটাই কমে আসবে।
মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ।










