যশের জন্মদিনে ধামাকা: টক্সিকের কেন্দ্রীয় চরিত্র রায়া প্রকাশ

অভিনেতা যশের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর বিশেষ চরিত্র পরিচিতি ভিডিও, যা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে দিয়েছে। এই ভিডিওতে যশকে দেখা গেছে ‘রায়া’ নামের এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে, যা সিনেমার কেন্দ্রীয় কাহিনির জন্য গুরুত্বপূর্ণ। নির্মাতারা ধাপে ধাপে সিনেমার নারী চরিত্রগুলো—কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়ার—পরিচয় প্রকাশ করার পরই সামনে আনা হলো রায়ার চরিত্র।

‘টক্সিক’ সিনেমায় যশ একাধিক দায়িত্বে রয়েছেন—অভিনয়, চিত্রনাট্য রচনা এবং প্রযোজনায়ও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আন্তর্জাতিক পরিসরে গল্প বলার নতুন পরীক্ষায় নিজেকে যুক্ত করেছেন তিনি। কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই অভিনেতা সর্বভারতীয় জনপ্রিয়তা অর্জন করেছেন ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে। ‘কেজিএফ অধ্যায় এক’ ও ‘কেজিএফ অধ্যায় দুই’-এ রকি ভাই চরিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন বক্স অফিস সাফল্য এনেছে।

‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর চিত্রনাট্য লিখেছেন যশ এবং নির্মাতা গীটু মোহান্দাস। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এছাড়া হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব সংস্করণ মুক্তির পরিকল্পনা রয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি সিনেমার চিত্রগ্রহণ করেছেন, সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর, সম্পাদনায় রয়েছেন উজ্জ্বল কুলকার্নি এবং শিল্প নির্দেশনায় টি পি আবিদ। অ্যাকশন দৃশ্যের জন্য যুক্ত হয়েছেন হলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ সিরিজে কাজ করেছেন। এছাড়া ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাকশন পরিচালক অ্যানবারিভ ও কেচা খামফাকদীও রয়েছে।

চরিত্র পরিচিতি ভিডিওটি শুরু হয় এক কবরস্থানের নিস্তব্ধ পরিবেশে। হঠাৎ করে গুলির শব্দে ভেঙে যায় নীরবতা। ধোঁয়ার ভেতর থেকে রায়া স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আবির্ভূত হন। ভিডিওতে সিনেমার গাঢ়, অন্ধকার আবহ এবং বিস্তৃত ভিজ্যুয়াল ইফেক্টের ইঙ্গিত পাওয়া যায়। গত বছরের যশের জন্মদিনে প্রকাশিত ঝলকের তুলনায় এবারকার ভিডিওতে অ্যাকশন ও কাহিনির জগৎ আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।

ভেঙ্কট কে নারায়ণ ও যশের প্রযোজনায়, কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঈদ, উগাদি এবং গুড়ি পড়বা উৎসব উপলক্ষে সিনেমাটি দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আসবে।

-বিথী রানী মণ্ডল