নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের হুমকি ক্রিকেটারদের

আগামীকালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বেলা ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

আজ রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঠুন জানান, ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিতর্কিত মন্তব্যের সূত্রপাত

কয়েক দিন ধরেই টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে। এই প্রেক্ষাপটে বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে এম নাজমুল ইসলাম বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!”

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেও সমালোচনার মুখে পড়েন তিনি।

কোয়াবের কড়া প্রতিক্রিয়া

এই মন্তব্যগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মনে করছে কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “শেষ কিছুদিন ধরে যেভাবে একজনের পর একজনকে, এমনকি সব ক্রিকেটারকে নিয়ে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন পরিচালকের ভাষাগতভাবে আরও সতর্ক হওয়া উচিত। উনার কথাবার্তা পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।”

বিকেলে একই সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলাম আরও বলেন, ক্রিকেটাররা ব্যর্থ হলেও বিসিবি তাদের কাছ থেকে টাকা ফেরত চায় না। ক্রিকেট বোর্ড আগে নাকি ক্রিকেটাররা—এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন,
“ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না!”

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মিঠুন বলেন, “উনি যেভাবে সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামীকাল ম্যাচের আগে উনি পদত্যাগ না করলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।”

বিপিএল ম্যাচ ঝুঁকিতে

আগামীকাল বেলা ১টায় দ্বাদশ বিপিএলের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটানস। কোয়াবের এই আলটিমেটামের কারণে ম্যাচগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিসিবির অবস্থান

খেলা বয়কটের হুমকির আগেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক সময়ে দেওয়া কিছু বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।

-এমইউএম