পিএসএলে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ। সে আসরে ১৩ উইকেট নিয়ে লাহোরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এবার নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচি কিংসের সঙ্গে তীব্র প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত ৩ কোটি রুপিতে তাকে দলে নেয় রাওয়ালপিন্ডি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন তালিকা প্রকাশ করে। ফ্র্যাঞ্চাইজিটি চার ক্রিকেটারকে ধরে রেখেছে মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।

রিশাদের আগে নিলামে ওঠেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ভিত্তিমূল্যও ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। তবে নিলামে তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

এদিকে এবারের নিলামে উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার বিভিন্ন দলে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি) এবং শাহিবজাদা ফারহান (শিয়ালকোট)।

-এমইউএম