বগুড়ার মহাস্থানে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু ও ১টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান মাস্টার পাড়া গ্রামে।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আফজাল হোসেন এর পুত্র আব্দুর রহিম বলেন, “প্রতিদিনের মত মঙ্গলবার দিবাগত রাত ১০টায়, গোয়াল ঘর পরিষ্কার করে গরুকে খড় ও কয়েল জ্বালিয়ে দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। এদিকে সংঘবদ্ধ চোরেরা গভীর রাতে সুযোগ বুঝে আমার বসত বাড়ীর প্রাচীর টপকিয়ে গোয়াল ঘরের মাটির দেয়াল ও জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১টি ফিজিয়ান ষাঁড় ১টি ফিজিয়ান গাভী ও শাহীওয়াল বাচুর এবং ১টি ছাগল চুরি করে নিয়ে যায়৷ যাহার মূল্য আনুমানিক ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা বলে ভুক্তভোগী পরিবার থেকে জানানো হয়।”
স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলী বলেন, অভিযোগ পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে আটক করতে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।”
মহাস্থানগড় ঘনবসতি ব্যস্ততম এলাকা থেকে এভাবে গরু চুরির ঘটনা এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন।
-গোলাম রব্বানী শিপন
মহাস্থান বগুড়া










