জাপানি অর্থনৈতিক অঞ্চলে চীনা প্রতিষ্ঠানের নতুন কারখানা স্থাপনের উদ্যোগ

ছবি: বেজার সৌজন্যে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চলে একটি উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ)। এই কারখানায় তৈরি পোশাক খাতের জন্য ট্যাগ, লেবেল এবং আরএফআইডি প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদন করা হবে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) হিসেবে পরিচিত এই জোনে কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি দেড় থেকে দুই কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ লক্ষ্যে তারা প্রায় এক হেক্টর বা ১০ হাজার বর্গমিটার জমি ইজারা নিয়েছে বলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বেজার সম্মেলনকক্ষে বিএসইজেডে কারখানা স্থাপনের বিষয়ে বেজা ও লিডার্স লেবেল ম্যাটেরিয়ালস (বাংলাদেশ)-এর মধ্যে ইজারা চুক্তি স্বাক্ষর হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কারখানা নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা করেছে। লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) চীনের ঝেজিয়াং প্রদেশের হজৌ শহরভিত্তিক হজৌ লিংশিয়ান সিও রিবন কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

এই বিনিয়োগের মাধ্যমে দেশে প্রযুক্তি স্থানান্তর, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি আরও জোরদার হবে—বিশেষত তৈরি পোশাক ও টেক্সটাইল অ্যাকসেসরিজ খাতে।

আফরিনা সুলতানা/