খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই, স্বাক্ষর উপাচার্যের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোক বাণীতে স্বাক্ষর করার মাধ্যমে শোক বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।

শোক বাণীতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্বের জন্য তিনি জনসাধারণের কাছে ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তাঁর মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান, যা সহজে পূরণ হওয়ার নয়।

উপাচার্য আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের নেত্রী। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী এই নেত্রী দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে তাঁর রাজনৈতিক পথচলায় ছিলেন অবিচল। তাঁর স্বপ্ন ও আকাঙ্ক্ষায় উদারতা এবং রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের প্রতি অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

উপাচার্যের স্বাক্ষরের পর শোক বইয়ে স্বাক্ষর করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, মহিলা ক্লাবের সভানেত্রী ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

জান্নাতুল নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।