বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নিতে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছান ডিআইজি ঢাকা রেঞ্জ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
ডিআইজি মহোদয়ের মাদারীপুর জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাদারীপুর।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত প্রতিবন্ধকতা, মাঠ পর্যায়ে কাজের সমস্যা, সুযোগ সুবিধা বৃদ্ধি ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বক্তব্যের শুরুতে ডিআইজি মহোদয় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকল থানার অফিসার ইনচার্জদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
এছাড়া জনগণের বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিআইজি মহোদয়। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাহিনীর ইমেজ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান সুমন
মাদারীপুর জেলা প্রতিনিধি










