জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি এই প্রতিষ্ঠানেই শিক্ষক ও চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভরসা রেখে সরকার তাকে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত গত ২৪.১২.২০২৫ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৫৮.২৫.১১৯৪ নম্বর স্মারকের মাধ্যমে অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
সে অনুযায়ী অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানকে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বায়েজীদ মুন্সী










