প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন অনন্যা পান্ডে। তার পোশাক, কথা বলা কিংবা কাজ—কোনো কিছুই যেন নেটদুনিয়ার একাংশ সহজভাবে মেনে নিতে পারে না। বিপরীতে আলিয়া ভাট দীর্ঘদিন ধরেই নেটিজেনদের চোখের মণি। নতুন সিনেমা, অভিনয় কিংবা ব্যক্তিগত অর্জন—সব ক্ষেত্রেই প্রশংসার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে সম্প্রতি এই চিত্রে খানিকটা বদল এসেছে। আলিয়া ভাট ও অনন্যা পান্ডের এক অনলাইন বিতর্ক ঘিরে এবার উল্টো সুর শোনা যাচ্ছে নেটদুনিয়ায়।
এই বিতর্কের সূত্রপাত ‘হক’ সিনেমাকে ঘিরে। সম্প্রতি সিনেমাটি নিয়ে ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করেন আলিয়া ভাট। এমনকি নিজেকে ইয়ামির বড় ভক্ত বলেও দাবি করেন তিনি। আলিয়ার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে—অনেকে মনে করছেন, পরিচালক আদিত্য ধরের আগামী সিনেমায় কাজ পাওয়ার আশায় তার স্ত্রী ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আলিয়া। বিষয়টি নিয়েই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
কিন্তু সিনেমাটি ব্যবসায়িকভাবে বড় সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর পর হঠাৎ করেই আলিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসে। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠেছে তার উদ্দেশ্য নিয়ে। নিন্দুকদের দাবি, আদিত্য ধরের প্রজেক্টে জায়গা পেতেই এখন ‘ধুরন্ধর’ ও ইয়ামির প্রশংসা করছেন আলিয়া। এই অভিযোগ তুলে একটি পোস্ট ভাইরাল হলে সেখানে লাইক দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে ওঠে টিনসেল টাউন।
নেটিজেনদের একাংশ আরও দাবি করছেন, কিছুদিন আগে আদিত্য ধরের পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পেলেও আলিয়া তখন কোনো শুভেচ্ছা জানাননি। অথচ রণবীর সিং সেই ছবিতে অভিনয় করেছেন এবং তিনি আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু। এমনকি যখন সিনেমাটি নিয়ে চারদিকে প্রশংসার ঝড়, তখনও নীরব ছিলেন আলিয়া। সে সময় গুঞ্জন ছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগের প্রসঙ্গ উঠে আসায় বিতর্ক এড়াতেই নাকি ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট দেননি তিনি।
আলিয়া ও অনন্যার সম্পর্ক নাকি মাসখানেক ধরেই ভালো যাচ্ছে না। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৫-এর অনুষ্ঠানে আলিয়াকে দেখে অনন্যাকে চিনতে না চাওয়ার ভান করার অভিযোগও উঠেছে। অনেকের মতে, সেই অপমানের রাগ থেকেই ‘সুযোগসন্ধানী’বলে কটাক্ষ করা পোস্টে লাইক দেন অনন্যা। ফলাফল হিসেবে এবার অনন্যার বদলে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন আলিয়া ভাট।
বিথী রানী মণ্ডল/










