বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। এবারের আসরে তাকে দেখা যাবে সিলেট টাইটান্সের জার্সিতে। দলটির হয়ে খেলতে তার আসার গুঞ্জন ছিল আগে থেকেই, এবার তা নিশ্চিত হলো।
এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স। গুরুত্বপূর্ণ এই সময়ে অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকসের অন্তর্ভুক্তি দলটির শক্তি আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলা ৩৬ বছর বয়সী ওকস এর আগে আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলা এই অলরাউন্ডার ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৩৩ ম্যাচে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩১ উইকেট। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১,০৩১ রান ও ১৭৯ উইকেট রয়েছে তার নামের পাশে।
এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে ইতোমধ্যে খেলছেন আরেক ইংলিশ তারকা মঈন আলী। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস ও সালমান ইরশাদ।
সিলেট পর্ব শেষ হওয়ার আগেই প্লে-অফ নিশ্চিত করে সিলেট টাইটান্স। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় দলটি। ৯ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে তারা। সিলেটের পাশাপাশি প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।
-এমইউএম










