থাইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের বিশালাকার ক্রেন ভেঙে চলন্ত ট্রেনের ওপর পড়ার ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, একটি উচ্চগতির (হাইস্পিড) রেল প্রকল্পের কাজ চলাকালীন হঠাৎ একটি বিশাল ক্রেন ভেঙে উবন রাতচাথানিগামী একটি ট্রেনের বগির ওপর আছড়ে পড়ে। ক্রেনটির আঘাতে ট্রেনটি তাৎক্ষণিক লাইনচ্যুত হয় এবং বগিগুলোতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে যাত্রী ও কর্মীসহ মোট ১৯৫ জন ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা দুমড়েমুচড়ে যাওয়া বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন। থাই পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত অন্তত ৩০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ১৯৫ জন আরোহী ছিলেন। বর্তমানে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন প্রকল্পের নিরাপত্তা ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং দ্রুত তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।
সূত্র : রয়টার্স, বিবিসি
-এম. এইচ. মামুন










