ইবির ছাত্রশিবিরের নতুন কমিটির প্রধান কারও ছাত্রত্ব নেই

ছবি- সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী, সেক্রেটারি মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন।

গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, সভাপতি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনজনের কেউই নিয়মিত শিক্ষার্থী নন। সভাপতি ইউসুফের মাস্টার্স সম্পন্ন হয়েছে প্রায় দুই বছর আগে, সেক্রেটারি রাফির ছাত্রত্ব শেষ হয়েছে ছয় মাস আগে এবং জাকারিয়ার ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় এক বছর আগে।

ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীন আইআইইআরের লাইব্রেরি সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নন, তিনি এমফিল প্রোগ্রামে ভর্তিচ্ছু। সার্কুলার প্রকাশ হলে ভর্তি হয়ে তিনিও পুনরায় শিক্ষার্থী হবেন বলে দাবি করেন তিনি। আইআইইআর বা এমফিলের ছাত্রত্ব নিয়মিত ছাত্রত্বের মধ্যে পড়ে কিনা— এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্টরাই ভালোভাবে জানেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী আগের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ছিলেন অফিস সম্পাদক। নতুন নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটি।

নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, সংগঠনটির সদস্য সমাবেশে ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং গবেষণা সম্পাদক মো. ফাজায়েল উপস্থিত ছিলেন।

মালিহা