ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যেসব স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে দুটি ছাত্রাবাস, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। স্থাপনাগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ডাকসুর নেতারা এসব স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব তুলে ধরা হয়। ওই দিন শিক্ষার্থীরা উপাচার্য দপ্তর ঘেরাও করেন এবং পরে ডাকসু নেতারা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আবেগ ও দাবির প্রতিফলন হিসেবেই সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সভা শেষে নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










