আইনি বাধা কাটল, চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আয়োজনে প্রশাসকের চিঠি

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই। এ অবস্থায় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেম্বারের নির্বাচন বোর্ডকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন সরকার নিযুক্ত প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

সোমবার (১২ জানুয়ারি) চেম্বার প্রশাসক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১১ জানুয়ারি) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগমকে এই চিঠি দেওয়া হয়েছে।

যে কারণে নির্বাচন আটকে ছিল
জানা যায়, গত বছরের ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া একটি পক্ষ পরিচালক পদের একটি বিষয় নিয়ে আদালতে রিট আবেদন করলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়ে। তবে গত ১১ ডিসেম্বর উচ্চ আদালত ওই রিটের ওপর রায় দিলে নির্বাচনের পথে থাকা আইনি বাধা কেটে যায়।

উচ্চ আদালতের রায়ের পর চেম্বার প্রশাসক একজন সরকারি আইনজীবীর মতামত গ্রহণ করেন। সেই মতামতের ভিত্তিতেই তিনি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন বোর্ডকে চিঠি দেন।

প্রশাসকের চিঠিতে যা বলা হয়েছে
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে প্রশাসক উল্লেখ করেন, চট্টগ্রাম জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর মতামত অনুযায়ী, চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদ স্বপদে বহাল রেখে বাকি ২৪টি পরিচালক পদে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত বাধা নেই। এ অবস্থায় দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।


মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক