দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে বার্ষিক পর্যালোচনার ভিত্তিতে বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। এ সমন্বয়ের ফলে সূচকে নতুন করে ৯টি কোম্পানি যুক্ত হয়েছে এবং বাদ পড়েছে ১৬টি কোম্পানি। ডিএসই কর্তৃপক্ষ জানায়, এই পরিবর্তন আগামী ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সোমবার ডিএসই বিনিয়োগকারীদের কাছে সূচকের বার্ষিক সমন্বয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে নির্বাচিত ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকেও অর্ধবার্ষিক পর্যালোচনার ভিত্তিতে পরিবর্তন আনা হয়েছে। এতে ডিএস-৩০ সূচক থেকে তিনটি কোম্পানি বাদ পড়ে এবং তাদের স্থলে যুক্ত হয় নতুন তিনটি কোম্পানি।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া নয়টি কোম্পানি হলো— বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস, সার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। এর মধ্যে ছয়টি কোম্পানি দুর্বল মৌলভিত্তির জেড শ্রেণিভুক্ত, দুটি ভালো মৌলভিত্তির এ শ্রেণিভুক্ত এবং একটি মাঝারি মানের বি শ্রেণিভুক্ত।
অন্যদিকে ডিএসইএক্স সূচক থেকে বাদ পড়া ১৬টি কোম্পানির মধ্যে রয়েছে—অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যানলিমা ইয়ার্ন, হামিদ ফেব্রিকস, মেঘনা পিইটি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে পাঁচটি ব্যাংক বর্তমানে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকায় তাদের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
বর্তমানে ডিএসইএক্স সূচকে ৩২৬টি কোম্পানি অন্তর্ভুক্ত থাকলেও নতুন সমন্বয় কার্যকর হলে এই সংখ্যা কমে দাঁড়াবে ৩১৯টি।
এ ছাড়া ডিএস-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া তিনটি কোম্পানি হলো—মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিলস ও ফাইন ফুডস। আর এই সূচক থেকে বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
আফরিনা সুলতানা/










