ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সাদা বলের ক্রিকেটে সাফল্য এলেও টেস্ট ফরম্যাটে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় ভারতের লাল বলের দলের কোচ হিসেবে গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থক ও বিশেষজ্ঞদের একটি অংশ। এমনকি তাকে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।
তবে এসব গুঞ্জনকে স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, এই মুহূর্তে গৌতম গম্ভীরকে টেস্ট দলের কোচের পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই।
এক বিবৃতিতে শইকীয়া বলেন, “গম্ভীর তার চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করে যাবেন। বোর্ডের পক্ষ থেকে তাকে লাল বলের ক্রিকেটের কোচের পদ থেকে সরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
সাম্প্রতিক সময়ে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতের কোচ হওয়ার আগ্রহ জানিয়ে একাধিক ব্যক্তি নাকি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই তথ্যেরও কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন বোর্ড সচিব।
গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। শইকীয়া আরও জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে চলে। সাধারণত কোনো কোচের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরানো হয় না। অতীতেও রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হয়েছে।
সব মিলিয়ে, গৌতম গম্ভীরকে ঘিরে যত আলোচনা-সমালোচনাই চলুক না কেন, আপাতত ভারতের টেস্ট দলের কোচ হিসেবে তার অবস্থান নিরাপদ বলেই স্পষ্ট করেছে বিসিসিআই।
এমইউএম/










