ঢাবির কলা–আইন–সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশে আরও এক সপ্তাহ

ছবি- সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইউনিটটির ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। তবে সাম্প্রতিক কয়েকটি জাতীয় ইস্যু এবং অনির্ধারিত ছুটির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও জাতীয় বিভিন্ন ইস্যুর কারণে সেই সময়সীমা অতিক্রম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ পরিবেশে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতায় রয়েছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়েও এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মালিহা