বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৭ ফেব্রুয়ারি

ছবি- সংগৃহীত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উচ্চ উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বুয়েট ক্যাম্পাসে আয়োজিত পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৮৭ দশমিক ৪৪ শতাংশ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত সব আবেদনকারীর মধ্য থেকে মেধাভিত্তিক বাছাইয়ের মাধ্যমে ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ৯ হাজার ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ছিলেন ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন।

এ বছর ভর্তি পরীক্ষা দুইটি মডিউলে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম শিফটে মডিউল ‘এ’-এর পরীক্ষা নেওয়া হয়, যেখানে ‘ক’ ও ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীরা উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষায় অংশ নেন। একই দিনে দ্বিতীয় শিফটে বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মডিউল ‘বি’-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি যাচাই করা হয়।

বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে।

চলতি শিক্ষাবর্ষে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মালিহা