আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোর সঠিক তালিকা জরুরিভাবে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এসব মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। স্মারকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যেসব মাদ্রাসা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেসব প্রতিষ্ঠানের নাম, সংখ্যা ও পূর্ণ ঠিকানা আগামী ১১ জানুয়ারি (রোববার)-এর মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এই তথ্য নির্ধারিত সময়ের মধ্যে buddu9087@gmail.com ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে সমন্বয়ের জন্য জেলা শিক্ষা অফিসারদেরও এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আগের একটি স্মারকের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মীর মোমিন










