প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার ৫ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্নার আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, অপূর্ব ব্যনার্জী, মো. আনোয়ার হোসেন ও মো. আল আমিন।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে মো. মাহাবুব আলমকে ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর সদস্যরা আটক করেন। তার কাছ থেকে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মাহাবুব আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৯ জানুয়ারি ভোরের দিকে আসামিদের নিজ নিজ ঠিকানা থেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।
আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, এ ঘটনায় গত ৯ জানুয়ারি মোহাম্মদপুর থানার প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় প্রতারণার মামলা দায়ের করেন।
-এমিউএম










