এনবিএ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রাহকদের তালিকায় কিংবদন্তি উইল্ট চেম্বারলেইনকে পেছনে ফেলেছেন কেভিন ডুরান্ট। তবে ব্যক্তিগত এই কীর্তির রাতে দলকে জয়ের দেখা পাইয়ে দিতে পারেননি তিনি।
পোর্টল্যান্ডের মোডা সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ডুরান্টের ৩০ পয়েন্ট সত্ত্বেও হিউস্টন রকেটসকে ১১১-১০৫ ব্যবধানে হারায় পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্স। এই ম্যাচে খেলেই ক্যারিয়ারে মোট ৩১ হাজার ৪৩৫ পয়েন্টে পৌঁছান ৩৭ বছর বয়সী ডুরান্ট। এর মধ্য দিয়ে তিনি সর্বকালের স্কোরিং তালিকায় সপ্তম স্থানে উঠে যান, পেছনে ফেলেন উইল্ট চেম্বারলেইনকে (৩১,৪১৯ পয়েন্ট)।
ডুরান্টের সামনে এখন শুধু ডার্ক নোভিৎস্কির (৩১,৫৬০) অবস্থান। তালিকার শীর্ষে আছেন লস অ্যাঞ্জেলেস লেকার্স তারকা লেব্রন জেমস, যার ক্যারিয়ার পয়েন্ট ৪২,৬০১।
ম্যাচের আগে উইল্ট চেম্বারলেইনকে নিয়ে ডুরান্ট বলেন, “সংখ্যাগুলো দেখলে বিশ্বাসই করা যায় না—এক মৌসুমে গড়ে ৫০ পয়েন্ট আর ২৫ রিবাউন্ড! এটা অবিশ্বাস্য। তার সঙ্গে একই তালিকায় থাকা এবং তাকে ছাড়াতে পারা সত্যিই দারুণ অনুভূতি।”
উল্লেখ্য, চেম্বারলেইন এনবিএ ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচে ১০০ পয়েন্ট করেছিলেন। ১৯৬২ সালে তিনি গড়ে ৫০.৪ পয়েন্ট করে রেকর্ড গড়েন এবং ১৯৭৩ সালে অবসর নেওয়ার সময় ছিলেন লিগের সর্বোচ্চ স্কোরার।
অন্যান্য ম্যাচের খবর
শেষ মুহূর্তে লেব্রনের শট ব্লক ও বল ছিনিয়ে নিয়ে লস অ্যাঞ্জেলেস লেকার্সকে ১০৫-১০১ ব্যবধানে হারিয়েছে মিলওয়াকি বাকস। গ্রিক তারকা জিয়ানিস অ্যান্টেটোকুম্বোর নৈপুণ্যে এটি ছিল বাকসের শেষ সাত ম্যাচে পঞ্চম জয়।
স্টেফেন কারির ২৭ পয়েন্ট ও মৌসুমসেরা ১০ অ্যাসিস্টে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ঘরের মাঠে স্যাক্রামেন্টো কিংসকে ১৩৭-১০৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।
দ্বিতীয়ার্ধে ২১ পয়েন্টে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে মেমফিস গ্রিজলিজকে ১১৭-১১৬ ব্যবধানে হারিয়েছে ওকলাহোমা সিটি থান্ডার।
এনবিএ ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রাহক (টপ ১০)
লেব্রন জেমস* – ৪২,৬০১
কারিম আবদুল-জব্বার – ৩৮,৩৮৭
কার্ল মালোন – ৩৬,৯২৮
কোবি ব্রায়ান্ট – ৩৩,৬৪৩
মাইকেল জর্ডান – ৩২,২৯২
ডার্ক নোভিৎস্কি – ৩১,৫৬০
কেভিন ডুরান্ট* – ৩১,৪৩৫
উইল্ট চেম্বারলেইন – ৩১,৪১৯
শাকিল ও’নিল – ২৮,৫৯৬
জেমস হার্ডেন* – ২৮,৫৬৩
সূত্র: বিবিসি
-এমইউএম










