আড়াইহাজারে গরু চুরির সময় ২ জন আটক, পিকআপ ও দুটি ষাঁড় উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় মদনপুর পাকা সড়কের নোয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় গরু চুরির সময় দুই সন্দেহভাজন চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুজনকে আটক করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি বড় ষাঁড় উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ২১-৮৮০১ নম্বরের নীল রঙের একটি পিকআপ ভ্যানে করে দুটি বড় ষাঁড় নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। সন্দেহ হলে স্থানীয়রা পিকআপটির গতিরোধ করে ভেতরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। তবে তারা গরুগুলোর মালিকানা সম্পর্কে কোনো সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে জনতার সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়।

আটককৃতরা হলেন— সোহেল (২৮), পিতা আলী হোসেন, গ্রাম পাইক্কাপাড়া, থানা পলাশ, জেলা- নরসিংদী এবং সুমন (৫০), পিতা আলী, গ্রাম কান্দাপাড়া, থানা মাধবদী, জেলা- নরসিংদী।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ অভিযানকালে চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও চুরি হওয়া দুইটি বড় ষাঁড় উদ্ধার করে থানায় জব্দ করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা পেশাদার গরু চোর। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নজরুল ইসলাম বাদল, নারায়ণগঞ্জ