আগুন ছাড়াই রান্না: ইনডাকশন চুলা কতটা কার্যকর?

ছবি: সংগৃহীত

গ্যাসের আগুন, ধোঁয়া আর অতিরিক্ত তাপে ক্লান্ত শহুরে রান্নাঘর এখন বদলে যেতে শুরু করেছে। সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ইনডাকশন চুলা যে চুলায় আগুন নেই, তবু রান্না হয় দ্রুত। প্রশ্ন হলো, কীভাবে কাজ করে এই প্রযুক্তি, আর আদৌ কি এটি সবার জন্য উপযোগী?

কীভাবে কাজ করে ইনডাকশন চুলা

ইনডাকশন হলো তাপ উৎপাদনের একটি আধুনিক প্রক্রিয়া, যেখানে সরাসরি আগুন বা প্রচলিত হিট ব্যবহৃত হয় না। সাধারণ ইলেকট্রিক চুলায় রেডিয়েন্ট তাপের মাধ্যমে রান্না করা হয় এবং মাইক্রোওয়েভে ব্যবহৃত হয় ক্ষুদ্র শক্তিতরঙ্গ। অন্যদিকে ইনডাকশন প্রযুক্তিতে ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যবস্থার মাধ্যমে রান্নার তাপ তৈরি হয়, যার ফলে খাবার দ্রুত ও নিয়ন্ত্রিতভাবে রান্না করা সম্ভব হয়।

কেন শহরে জনপ্রিয় হচ্ছে

শহরে গ্যাস সংকট ইনডাকশনের জনপ্রিয়তার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ইনডাকশন চুলার সবচেয়ে বড় সুবিধা এর দ্রুততা ও নিয়ন্ত্রণ ক্ষমতা। তাপমাত্রা এক ক্লিকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে খাবার পুড়ে যাওয়ার ঝুঁকি কমে।

এ ছাড়া গ্যাসের মতো ধোঁয়া বা কার্বন নির্গমন না থাকায় এটি পরিবেশবান্ধব রান্না ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গবেষণা অনুযায়ী, ইনডাকশন চুলায় ব্যবহৃত বিদ্যুতের বেশিরভাগ অংশ সরাসরি রান্নার কাজে লাগে, অপচয় হয় খুব কম। নিজের পছন্দমতো জায়গায় চুলাটি রেখে রান্নার সুবিধা তো আছেই।

নিরাপত্তায় এক ধাপ এগিয়ে

আগুন না থাকায় ইনডাকশন চুলায় দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলকভাবে কম। রান্না শেষে বার্নার দ্রুত ঠান্ডা হয়ে যায়। শিশু বা বয়স্ক সদস্য থাকা পরিবারে তাই ইনডাকশন চুলার ব্যবহার বাড়ছে। অনেক মডেলে অতিরিক্ত গরম বা খাবার উপচে পড়লে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার সুবিধাও রয়েছে।

তবে সীমাবদ্ধতাও আছে

সব ধরনের পাত্রে সব ধরনের ইনডাকশনে ব্যবহার করা যায় না, ফলে নতুন করে কুকওয়্যার কেনার প্রয়োজন পড়ে। তবে বর্তমানে এ ধরনের অসুবিধা দূর করতে বিভিন্ন সুবিধাজনক মডেলও বাজারে আছে। এ ছাড়া এটি পুরোপুরি বিদ্যুৎনির্ভর। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হলে রান্না থেমে যায়, যা অনেক পরিবারের জন্য এখনো বড় চ্যালেঞ্জ।

শব্দ ও অভ্যাসের বিষয়

ব্যবহারের সময় কিছু ইনডাকশন চুলা থেকে হালকা শব্দ শোনা যায়। বিশেষজ্ঞদের মতে, এটি প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং ব্যবহৃত পাত্রের গুণগত মানের সঙ্গে সম্পর্কিত। আর যাঁরা দীর্ঘদিন গ্যাসে রান্না করেছেন, তাঁদের জন্য ইনডাকশনের দ্রুততা শুরুতে অস্বস্তিকর মনে হতে পারে। কারণ এখানে রান্নার আগে সব উপকরণ প্রস্তুত রাখা জরুরি।

সিদ্ধান্ত নির্ভর করছে ব্যবহারের ওপর

প্রযুক্তিবিদদের মতে, ইনডাকশন চুলা সব সমস্যার সমাধান নয়, তবে আধুনিক, দ্রুত ও নিরাপদ রান্নার ক্ষেত্রে এটি কার্যকর একটি বিকল্প। শহুরে জীবনে যেখানে সময়, নিরাপত্তা ও পরিবেশ সবকিছুই গুরুত্বপূর্ণ, সেখানে ইনডাকশন চুলা ভবিষ্যতের রান্নাঘরের অংশ হয়ে উঠছে।

সাবরিনা রিমি/