পরিচালক তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনসংগ্রাম, ক্ষমতার দ্বন্দ্ব ও অপরাধের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘হাঙর’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন নেপালের জনপ্রিয় অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
২০১৩ সালে ‘উমা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করেই আলাদা পরিচিতি গড়ে তোলেন প্রমোদ অগ্রাহারি। ধীরে ধীরে তিনি নেপালি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেনে পরিণত হন। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’ ও ‘অগস্ত্য চ্যাপ্টার ১’। শক্তিশালী অভিনয় ও চরিত্রে গভীরতা আনার ক্ষমতার কারণে দর্শকদের কাছে তিনি বেশ সমাদৃত।
বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে প্রমোদ অগ্রাহারি জানিয়েছেন, ঢালিউডে কাজ করে তাঁর দারুণ লেগেছে। তিনি মনে করেন, বাংলাদেশের গল্প ও মানুষের আবেগের সঙ্গে তাঁর অভিনয়ধারা মানানসই। ভবিষ্যতে নেপালের পাশাপাশি বাংলাদেশেও নিয়মিত কাজ করতে চান বলে জানান এই অভিনেতা।
গত বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে ‘হাঙর’ সিনেমার ফার্স্ট লুক টিজার। টিজারে প্রমোদকে পাওয়া গেছে অ্যাকশন অবতারে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। নির্মাতা তন্ময় সূর্য বলেন, এই সিনেমায় উপকূলীয় এলাকার মানুষের বাস্তব জীবনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। অনেক সময় ক্ষমতাবানদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ে এবং পরিস্থিতির চাপে না চাইতেও অপরাধের পথে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই ‘হাঙর’ সিনেমার মূল বিষয়।
নেপালি অভিনেতাকে এই সিনেমায় নেওয়ার পেছনের গল্পও জানান নির্মাতা। তন্ময় সূর্য বলেন, চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়ে শুটিং সেটে প্রমোদের সঙ্গে দেখা হয়। তখনই মনে হয়েছিল, ‘হাঙর’ গল্পের জন্য এমন একজন অভিনেতাই মানানসই। গল্প শোনানোর পর প্রমোদ রাজি হন এবং চরিত্রের প্রয়োজনে বাংলা শেখার জন্য সময় নেন। প্রস্তুতির পর গত বছর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়।
রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও ঈদে একাধিক সিনেমা মুক্তির কারণে হল পাওয়ার বিষয়টি একটি চ্যালেঞ্জ বলে জানান নির্মাতা। তবে ঈদকেই লক্ষ্য করে এগোচ্ছেন তাঁরা। পাশাপাশি নেপালেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, যা নিয়ে প্রমোদ অগ্রাহারি বেশ আগ্রহী।
‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল ও মাহফুজ মুন্না। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। বিগশট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি ঈদে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা নির্মাতার।
বিথী রানী মণ্ডল/










